মধুখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: থানায় জিডি!
ফরিদপুর জেলা প্রতিনিধি:


ফরিদপুরের মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম (লিটন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং -(১৭৩), জিডিতে তিনি উল্লেখ করেন, ৪ জুলাই শনিবার বেলা ১ টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ফেসবুকে প্রবেশ করে দেখতে পান, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা মোবাইল, ল্যাপটপ কিংবা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে ‘মধুখালী ছাত্রলীগ মিডিয়া’ ও ‘মধুখালী ছাত্রলীগ অনলাইন প্রচার’ নামের ফেসবুক পেজ থেকে তার নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে।
জহিরুল ইসলাম (লিটন) অভিযোগ করেন, বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীদের পরিচয় শনাক্ত করতে পারেননি। ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন।
এ বিষয়ে মধুখালী থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জিডিতে উল্লেখ রয়েছে।
