ছায়া মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন ফরিদপুর-১ আসনের এমপি ইলিয়াস মোল্লা
নিজস্ব প্রতিবেদক:


জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করেছে। তবে এখনো এর পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ছায়া মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ধরে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলে জানা গেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, দুর্বলতা চিহ্নিত করা, বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব প্রস্তুত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
দলীয় সূত্রে প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য ড. ইলিয়াস মোল্লার নাম রয়েছে। তবে এ বিষয়ে এখনো জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান জানান, ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং এর সদস্যদের প্রশিক্ষণ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা টিম কাজ করবে। এতে দলীয় নেতাদের পাশাপাশি সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রশিবির নেতাদেরও যুক্ত করা হচ্ছে।
পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরই ছায়া মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে। তথ্য সূত্র: একাত্তর টিভি!!

