মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ রাকিবুল হাসান মিঠু:



যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মার্চ ২০২৬) বিকালে মধুখালী উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ড.প্রফেসর মো: ইলিয়াস মোল্লা।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি নির্ধারণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা।
এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় দিবসটি সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।